পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো এবারও বড় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
সাম্প্রতিক সময়ে ২০২৩ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল মরক্কো। সেই স্মৃতি এখনো অনুপ্রেরণা হিসেবে কাজ করছে দলটির জন্য।
ম্যাচের আগে ব্রাজিলকে শ্রদ্ধা জানিয়ে মরক্কোর অধিনায়ক Achraf Hakimi বলেন, “আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে এটা আগের সেই ব্রাজিল নয়, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণ রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।”
ব্রাজিল দলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ Carlo Ancelotti। তাকে নিয়েও মজার মন্তব্য করেন হাকিমি। তিনি বলেন, “আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব, কারণ আমি তার কিছু কৌশল জানি।”
অন্যদিকে, ক্লাব সতীর্থ ও ব্রাজিল অধিনায়ক Marquinhos-এর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। দুজনই Paris Saint-Germain-এ একসঙ্গে খেললেও বিশ্বকাপের মঞ্চে তারা প্রতিপক্ষ।
হাকিমি বলেন, “পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। কিন্তু বিশ্বকাপে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, তবে আমরা দুজনই জিততে চাই।”
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়াকে সমস্যা হিসেবে দেখছেন না হাকিমি। তিনি বলেন, “আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত, আমরা আফ্রিকান।”
ব্রাজিল ও মরক্কোর এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দুই শক্তিশালী দলের এই লড়াই হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।
