টানা চার দফা কমানোর পর এবার দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১১ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেট রূপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
