ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

আন্তর্জাতিক

যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখায় একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই প্রাথমিক সমঝোতার খবর প্রকাশের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে তেল পরিবহন শুরু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্বস্তি ফিরতে পারে।

এদিকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে ইউরোপের চার প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি।

রোববার এক যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা জানান, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে লক্ষ্যেই তারা কাজ করে যেতে চান। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তুতি রয়েছে তাদের।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গৃহীত ইতিবাচক ও বাস্তব পদক্ষেপের ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চূড়ান্ত সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারীর ভূমিকায় থেকে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প এ মন্তব্য করেন।