মায়ের মৃ'ত্যু'তে বিশ্বকাপ শিবির ছাড়ছেন ফ্রান্স কোচ দেশম

মায়ের মৃ’ত্যু’তে বিশ্বকাপ শিবির ছাড়ছেন ফ্রান্স কোচ দেশম

খেলাধুলা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে বিশ্বকাপ শিবির ছেড়ে দেশে ফিরছেন তিনি।

বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, মায়ের মৃত্যুর কারণে নরওয়ের বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না দেশম।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৫৭ বছর বয়সী দেশম মায়ের মৃত্যুর সংবাদ পান। এরপর ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিওলো তাকে ফ্রান্সে ফিরে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেন।

দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্তেফহান সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে এফএফএফ।

এরই মধ্যে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। সেনেগাল ও ইরাককে হারিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থানে থাকা দলটি শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে।

খেলোয়াড়ি জীবনেও ফ্রান্সের অন্যতম সফল ফুটবলার ছিলেন দেশম। ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০১২ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স এবং ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয় দলটি।

চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে ফরাসিরা। প্রথম দুই ম্যাচে সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়েছে তারা।