ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, সহায়তার আশ্বাস ট্রাম্পের

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, সহায়তার আশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জনগণ ভয়াবহ একটি দুর্যোগের মুখোমুখি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম। প্রাথমিক তথ্য অনুযায়ী পরিস্থিতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। তবে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভেনেজুয়েলা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে মানবিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।