সব বাধা দূর করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান

সব বাধা দূর করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান

জাতীয়

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া খাতকে গুরুত্ব দিচ্ছে এবং এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘অলিম্পিক ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে ক্রীড়াচর্চার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়া অবকাঠামো ও আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন।