ব্যক্তিগত জীবন, একাধিক বিয়ে এবং নানা বিতর্কের কারণে বহুবার আলোচনায় আসা পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় এবার সুখবর দিলেন ভক্তদের। মা হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে নতুন জীবন শুরু করার পর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন সুস্মিতা। সন্তানের নিরাপদ জন্মের পর আবেগঘন এক পোস্টে দীর্ঘ সাত বছরের অপেক্ষা, প্রথম সন্তান হারানোর বেদনা এবং মাতৃত্বের কঠিন পথচলার কথা তুলে ধরেন তিনি।
সুস্মিতা জানান, ২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর ক্ষত আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই স্মৃতিচারণ করে তিনি লেখেন, “২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।”
প্রথমবারের তিক্ত অভিজ্ঞতার কারণে পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার কাছ থেকে আড়াল করে রেখেছিলেন বলেও জানান এই অভিনেত্রী। সন্তানের নিরাপদ জন্মের পরই তিনি সুখবরটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন।
স্বামী শুভাশিস দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুস্মিতা। তিনি লেখেন, “যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাক শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।”
উল্লেখ্য, চলতি বছরের ৬ মার্চ শুভাশিস দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা রায়। ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার সমালোচনা ও ট্রলের মুখে পড়লেও মাতৃত্বের এই নতুন অধ্যায়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।
