বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর দলের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ব্যর্থতার কথা স্বীকার করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারাই পরাজয়ের অন্যতম প্রধান কারণ।
ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালের পর ফরাসি সম্প্রচারমাধ্যম এম-৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, দল কোনো বিভাগেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
তিনি বলেন, “আমরা যেভাবে ম্যাচটি খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। সেটা কৌশলগত দিক থেকে হোক, টেকনিক্যাল দিক থেকে হোক কিংবা পুরো দলের পারফরম্যান্সের মানের দিক থেকেই হোক।”
এমবাপ্পে আরও বলেন, বিশ্বকাপের মতো বড় আসরের সেমিফাইনালে ছোট ছোট ভুলও ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। সময়মতো পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় জয় পাওয়া কঠিন হয়ে পড়ে।
স্পেনের প্রেসিং ও মাঝমাঠের আধিপত্য স্পেনের বিপক্ষে ম্যাচ পরিকল্পনার বিষয়ে এমবাপ্পে বলেন, তাদের লক্ষ্য ছিল শুরু থেকেই হাই প্রেসিং করে স্পেনকে বলের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় ফ্রান্স।
তার ভাষায়, “আমাদের লক্ষ্য ছিল তাদের ওপর হাই প্রেসিং করা, যাতে স্প্যানিশরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি।” ফরাসি অধিনায়কের মতে, ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় মাঝমাঠ। রদ্রি, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের বিপক্ষে বারবার সংখ্যাগতভাবে পিছিয়ে পড়ে ফ্রান্স।
তিনি বলেন, “মাঝমাঠে আমরা বারবার ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। স্পেনের মতো দলের বিপক্ষে এটি বড় সমস্যা। শেষ পর্যন্ত সেটাই আমাদের পরাজয়ের অন্যতম কারণ হয়েছে।”
‘হতাশ, তবে এখান থেকেই শিখতে হবে’ চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনাল পর্যন্ত ফ্রান্সকে নেতৃত্ব দেন এমবাপ্পে। পুরো টুর্নামেন্টে তিনি করেন আটটি গোল। তবে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় হতাশা প্রকাশ করলেও ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
তিনি বলেন, “ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম দেশকে নতুন একটি ইতিহাস উপহার দিতে। কিন্তু এখন বাস্তবতা মেনে নিয়ে মাথা উঁচু করেই সামনে এগোতে হবে।”
এমবাপ্পে আরও বলেন, ফুটবলে সাফল্য ও ব্যর্থতা দুটিই গ্রহণ করতে হয়। এই হার থেকে শিক্ষা নিয়ে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।
তার ভাষায়, “এখন নিজেদের সামলে নিতে হবে। কিছুটা বিশ্রাম নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। কারণ ফুটবল কারও জন্য অপেক্ষা করে না।”
