প্রেমের গল্পে ফিরলেন জাহিদ হাসান, সঙ্গে বাসার ও তটিনী

প্রেমের গল্পে ফিরলেন জাহিদ হাসান, সঙ্গে বাসার ও তটিনী

বিনোদন

দীর্ঘ বিরতির পর আবারও নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। প্রায় আট বছর পর এই নির্মাতা-অভিনেতা জুটির পুনর্মিলন ঘটছে নতুন নাটক ‘পথহারা মন’-এর মাধ্যমে।

প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং মানবিক আবেগকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডা. এজাজুল ইসলাম এবং মনিরা আক্তার মিঠু।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানুষের অনুভূতির নানা দিক তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, “দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেই ভাবনা থেকেই গল্পটি নির্মাণ করা হয়েছে।”

জাহিদ হাসান ও রাজ সর্বশেষ ২০১৮ সালে বৈশাখী টেলিভিশনে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ছেলেমানুষি’-তে একসঙ্গে কাজ করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনই।

রাজ বলেন, “দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। তাঁর অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম নিয়ে কাজ করেছি।”

অন্যদিকে জাহিদ হাসান বলেন, “রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তাঁর পরিচালনায় কাজ করছি, যা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক, আর আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও ছিল অসাধারণ।”

নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’।