লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। ফ্রি এজেন্ট হিসেবে ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে ভিড়িয়েছে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটি।
ইন্টার মায়ামি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডারের সঙ্গে প্রাথমিকভাবে ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি করা হয়েছে। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
তবে ক্যাসেমিরোকে দলে ভেড়ানো নিয়ে এমএলএসে পুরোনো একটি বিতর্কও সামনে এসেছে। তার ‘ডিসকভারি প্রায়োরিটি রাইটস’ আগে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে ছিল। এ বিষয়ে এমএলএস জানিয়েছে, ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যে সমঝোতা হয়েছে। তবে ট্যাম্পারিং-সংক্রান্ত তদন্ত শেষ হওয়ার পরই সেই সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাসেমিরো ঘোষণা দিয়েছিলেন, ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন। ধারণা করা হচ্ছিল, ২০২৬ বিশ্বকাপের পর তিনি ইন্টার মায়ামিতে যোগ দেবেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।
