দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে প্রথম ধাপে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।
মালয়েশিয়া সফর শেষে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমবাজার চালুর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। গত তিন মাসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকের পর দুই দেশ দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কম খরচে কর্মী পাঠানোর বিষয়টি অগ্রাধিকার পাবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL)-এর মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাচাই-বাছাই শেষে যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেওয়া হবে।
সরকার আরও জানিয়েছে, অতীতে অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে দালালচক্র ও প্রতারণা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো কঠোর নজরদারি চালাবে।
এ ছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।
