প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা। অভ্যন্তরীণ ব্যস্ততার ফাঁকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের উচিত প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনাকে ইতিবাচকভাবে কাজে লাগানো। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভারত ছাড়াও জাপানসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়েও আলোচনা চলছে। তবে কোনো সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সফরসূচি নির্ধারণ করা হবে।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশটিতে জনশক্তি রপ্তানির বিষয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে।

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে কার্যকর আলোচনা হয়েছে বলেও জানান তিনি।