স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

জাতীয়

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে কারাগার থেকে বের হয়ে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। প্যারোলের পুরো সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

জানা গেছে, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পরে জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হলেও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তির অনুমতি দেওয়া হয়।

মুক্তির পর রাজধানীর কলাবাগানে স্বামী তৌফিক নেওয়াজের মরদেহের কাছে যাবেন দীপু মনি। তার আইনজীবী গাজী ফয়সল জানিয়েছেন, এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

দীপু মনির আইনজীবী জানান, কলাবাগানের যে বাড়িতে মরদেহ রাখা হয়েছে, সেখানেই দীপু মনির সঙ্গে তার স্বামী তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।