বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রে'প্তা'র ২৯

বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রে’প্তা’র ২৯

আন্তর্জাতিক

ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকা যখন বিপর্যস্ত, তখন পানিতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ঘিরে চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

ভল্টটি ভেঙে ভেতরের টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে নেপাল পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

রাসুয়া ও উজান অববাহিকা এলাকায় ভয়াবহ বন্যার পর ত্রিশূলী নদীতে ওই ব্যাংকের ভল্টটি ভেসে এসেছিল। সশস্ত্র পুলিশ ও নেপাল পুলিশের একটি যৌথ টহল দল ভল্টটি থেকে অবৈধভাবে টাকা বের করার সময় অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে।

নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ২৯ জনকে ধাদিঙ জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া চলছে। বন্যাকবলিত এলাকায় চুরি, লুটপাট ও সম্পদের ক্ষতি ঠেকাতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে বন্যার পানিতে ভেসে আসা মরদেহ থেকে ওই দুজনকে অলংকার খুলে নিতে দেখা গেলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।