সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও সরকারি দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে পদবিই যথাযথভাবে উল্লেখ করতে হবে।
সরকারের সিদ্ধান্তটি বুধবার থেকেই কার্যকর হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকারি চিঠিপত্র, নথি, সারসংক্ষেপসহ দাফতরিক যোগাযোগের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
