আবারও প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়া রাই

আবারও প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়া রাই

বিনোদন

আবারও প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’। এবারের আয়োজনের অংশ হিসেবে রানওয়েতে থাকবেন ঐশ্বরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকারা।

আইফেল টাওয়ারের পাদদেশে প্লাস জফ্রে-তে বসবে এবারের আয়োজন। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ বা নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। ল’রিয়াল প্যারিস জানিয়েছে, ২০১৭ সালের পর এটি তাদের নবম আয়োজন।

ল’রিয়াল প্যারিসের এই ফ্যাশন আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি অবশ্য নতুন নয়। প্রতি বছরই তার পোশাক, সাজ ও রানওয়ে উপস্থিতি ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে। ২০২৪ সালের আয়োজনে লাল রঙের জমকালো গাউনে হাজির হয়েছিলেন তিনি। পোশাকটির নিচের অংশ ছিল বড় ও বেলুনের মতো আকৃতির। সঙ্গে ছিল ঘন চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর তার ‘নমস্তে’ ভঙ্গিও দর্শকদের নজর কেড়েছিল।

এর পরের আয়োজনে ঐশ্বরিয়াকে দেখা যায় ভিন্ন সাজে। গাউনের বদলে তিনি পরেছিলেন ভারতীয় নকশাকার মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি। ফলে এবার কী ধরনের পোশাকে তাকে দেখা যাবে, তা নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এবারের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল, আজা নাওমি কিং, লুমা গ্রোথে, ম্যারি বোশে ও বেবে ভিও গ্রান্ডিস। নতুন করে ল’রিয়াল প্যারিসের বৈশ্বিক দূত হিসেবে যুক্ত হওয়া ক্রিস্টেন বেলও এবার প্রথমবারের মতো এই আয়োজনে রানওয়েতে হাঁটবেন।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে ব্র্যান্ডটির হয়ে নিয়মিত উপস্থিত হয়েছেন তিনি। এবারও প্যারিসের আইফেল টাওয়ারের পটভূমিতে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তার রানওয়ে উপস্থিতির দিকে তাকিয়ে আছেন ভক্তরা।