যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলেও তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।
সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথ অভিশংসনের মুখে পড়লেও তার প্রতি সমর্থন অব্যাহত রাখবেন তিনি।
এ সময় অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে ‘স্টোন কোল্ড লুজার’ (চরম ব্যর্থ ব্যক্তি) বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাসহ ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেন ম্যাসি।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীর দায়বদ্ধতা।
ম্যাসির এই উদ্যোগের পর হেগসেথের প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন যুক্তরাষ্ট্রের প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্ককে আরও জোরালো করেছে।
