যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় চীনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র চীনের ওপর সরাসরি চাপ সৃষ্টির পাশাপাশি অন্যান্য দেশের মাধ্যমেও বেইজিংকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে ওয়াশিংটন। এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
নতুন শুল্কের সিদ্ধান্ত চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। তবে ভবিষ্যতে শুল্ক আরও বাড়ানোর সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মিয়ামিতে দুই দেশের নেতাদের চলতি বছরের চতুর্থ শীর্ষ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এ সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামসের মতে, আবারও বাণিজ্যযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চাপ প্রয়োগের বাড়তি সুযোগ তৈরি করবে সর্বশেষ পদক্ষেপগুলো। তিনি বলেন, তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের কৌশলই প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অন্যান্য দেশকে বাণিজ্য সুরক্ষাব্যবস্থা জোরদার এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাপ দিয়ে আসছে ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, চীনের ওপর প্রেসিডেন্টের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি আরও ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। দুই দেশের নেতাদের বাণিজ্যিক সমঝোতায় এ সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে সমঝোতা ভেঙে গেলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
সর্বশেষ শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় অন্যায্য শিল্পনীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো হুঁশিয়ারি দেয়নি বেইজিং। বিশ্বজুড়ে শিল্প খাতের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অন্যান্য অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে আট মাসের তদন্তের পর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ যেসব অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে কিংবা আলোচনা চলছে, তাদের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন।
তবে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন। দেশটি থেকে আমদানি ও চীনা বিনিয়োগ নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় বাণিজ্য অংশীদারদের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত এক লাখ কোটি ডলার ছাড়িয়ে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর উদাহরণ হিসেবে ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনগুলোর কথা উল্লেখ করা হয়েছে। ভিয়েতনামবিষয়ক প্রতিবেদনে চীনের নাম ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নসংক্রান্ত প্রতিবেদনে ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।
আবারও কি বাণিজ্যযুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ও চীন?
২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ বা মুক্তি দিবসে ঘোষিত শুল্ককে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর দ্বিতীয়বারের মতো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তবে পূর্ণ শক্তিতে পাল্টা ব্যবস্থা নিয়েছিল একমাত্র চীন।
একপর্যায়ে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে পৌঁছায়। এ সময় বিরল মৃত্তিকা উপাদান পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে চীন। এর ফলে গাড়ি উৎপাদন থেকে শুরু করে প্রতিরক্ষা খাত পর্যন্ত বিশ্বের বিভিন্ন শিল্পে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকগুলো দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল করে।
চলতি মাসে চীন সফরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। প্রচলিত রীতি ভেঙে বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান তিনি। নৃত্য পরিবেশনা ও সশস্ত্র সেনাদের উপস্থিতিতে আয়োজিত এ অভ্যর্থনাকে দুই দেশের সম্পর্কের স্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা উপাদান রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। অন্যদিকে, চায়না সাউদার্ন এয়ারলাইনস জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। এসব ঘটনা দুই দেশের বাণিজ্যিক সমঝোতা বহাল থাকার ইঙ্গিত দিচ্ছে।
তবে আরও শুল্ক বাড়ানোর সুযোগ যুক্তরাষ্ট্রের দর-কষাকষির সক্ষমতা বাড়ালেও মূল্যস্ফীতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে ওয়াশিংটনকে। চলতি মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ অন্যতম কারণ ছিল।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চেন বো মনে করেন, চীন নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না। সম্ভবত যুক্তরাষ্ট্রও তা চায় না। উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
অন্যান্য বাণিজ্য অংশীদারের সঙ্গেও কি চীনের উত্তেজনা বাড়বে?
‘লিবারেশন ডে’র শুল্ক ঘোষণার পর দেখা গেছে, ওয়াশিংটন চীনের ওপর শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি কমে। বিপরীতে, চীনের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে যায়। সর্বশেষ পদক্ষেপে চীনের ওপর শুল্ক বেড়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ পয়েন্ট।
বৈশ্বিক চাহিদা তৈরির তুলনায় পণ্য সরবরাহে চীনের অবদান বেশি। ফলে চীনা পণ্যের প্রতিযোগিতা থেকে নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় বিভিন্ন দেশের সরকারের ওপর চাপ বাড়ছে। বেইজিংয়ের সমালোচকদের অভিযোগ, চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল এবং রপ্তানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। এর ফলে অন্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করে প্রবৃদ্ধি অর্জন করছে চীন।
ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শভেটসের মতে, যুক্তরাষ্ট্রের অসংগত বাণিজ্যনীতির কারণে সৃষ্ট অস্থিরতার চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধির বড় কারণ হয়ে উঠতে পারে।
তিনি মনে করেন, চীনের অর্থনৈতিক ভারসাম্যহীনতার সবচেয়ে বড় প্রভাব বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ওপর পড়ছে। ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে শুল্ক ও অশুল্কভিত্তিক বাণিজ্য বিধিনিষেধ আরও বাড়তে পারে। চলতি বছর চীন থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু গাড়ির ক্ষেত্রে কোটা মেনে নিতে বেইজিংকে রাজি করিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে ব্রাসেলসের।
গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ সমঝোতা প্রমাণ করে, বাণিজ্যের সব ক্ষেত্রে সব সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না চীন। ভবিষ্যতেও এ ধরনের আরও সমঝোতার সম্ভাবনা রয়েছে। সাংহাইভিত্তিক এ বিশ্লেষকের মতে, বাণিজ্যের ক্ষেত্রে চীন সব সময় নিজের শর্ত প্রতিষ্ঠা করতে পারেনি। বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ভবিষ্যতেও বেইজিংকে ছাড় দিতে হতে পারে।
