মালদ্বীপ-এর রাজধানী মালে শহরে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে চাঁদপুরের হাজীগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত হানজালা (৩০) উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ৭-৮ মাস আগে তিনি মালদ্বীপে যান এবং সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থলের একটি আবাসিক ভবনের ছাদে বাগানের গাছে পানি দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাছের সুরক্ষায় দড়ি বাঁধার সময় হঠাৎ পা পিছলে তিনি ১০ তলা ভবনের ছাদ থেকে পাশের আরেকটি ভবনের টিনের ছাদে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তার মরদেহ দ্রুত দেশে পাঠাতে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানজালার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
