হাম-রুবেলা টিকাদানে রাজনৈতিক নেতাদের ঘরে ঘরে গিয়ে প্রচারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

হাম-রুবেলা টিকাদানে রাজনৈতিক নেতাদের ঘরে ঘরে গিয়ে প্রচারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

জাতীয়

দেশজুড়ে হামে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রাজনীতিবিদদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, জরুরি এই ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, আপনারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি ব্যবহার করে ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচির তথ্য পৌঁছে দিন।

তিনি আরও বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই টিকার আওতায় আনতে হবে। শুধু ব্যক্তিগতভাবে টিকা নেওয়া নয়, বরং গোষ্ঠীগতভাবে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে পারলেই রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮০ জন হামে আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ শিশু। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩ জন।

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে, যা ১১ মে পর্যন্ত চলবে।