আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের সব বন্দরে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপের কথা জানানো হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে—ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের সামুদ্রিক ট্রাফিক এই অবরোধের আওতায় থাকবে। এর মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দর এবং উপকূলীয় এলাকায় চলাচলকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ছাড়া অন্য দেশের বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় রাত ৮টা) এ অবরোধ কার্যকর হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন নৌবাহিনীর ওপর হামলাকারী যেকোনো ইরানিকে কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করার কথাও বলেন তিনি।
অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে না।
ট্রাম্পের অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, কোনো সামরিক অগ্রগতি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এর জবাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
