টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন (নাম প্রকাশিত) নামের এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর আগে শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে হরিজন পল্লীতে স্বামী বুলু হরিজন মাদকের টাকার জন্য স্ত্রী নাজমা হরিজনকে চাপ প্রয়োগ করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়ার এক পর্যায়ে তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
আত্মচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় নাজমা হরিজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত স্বামী বুলু হরিজনসহ সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এর আগেও মাদকের টাকার কারণে এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, যা ধামাচাপা দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবার দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, তারা বেতার বার্তার মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
