হামসহ অন্যান্য রোগের টিকা কেনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।
আবেদনে সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর খবর জনসাধারণকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
তারা অভিযোগ করেন, সরকারি পর্যায়ে টিকা ও সিরিঞ্জের সংকটের কারণে হামসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে, যা শিশু মৃত্যুর কারণ হয়েছে। এ পরিস্থিতিকে তারা জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেন।
আবেদনে আরও বলা হয়, পূর্ববর্তী সরকারের সময়ে টিকা কেনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়, কিন্তু যথাযথ প্রস্তুতি ছাড়াই তা বাস্তবায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ ব্যাহত হয়েছে বলেও দাবি করা হয়।
আইনজীবীদের মতে, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা এবং অর্থ ব্যবহারে স্বচ্ছতার ঘাটতি থাকতে পারে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও অনিয়মের খবর প্রকাশিত হয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা দুদকের কাছে অনুরোধ জানিয়েছেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
