জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ

জাতীয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, নতুন ঘোষিত দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রলের দাম ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ধরনের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কৃষি খাতও বড় ধরনের চাপে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বিবৃতিতে তিনি আরও বলেন, এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দেবে।

সরকারকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে দলটি।