মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত বন্ধে ইরান যদি আলোচনা করতে চায়, তাহলে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। রোববার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান যদি আলোচনা করতে চায়, তারা আমাদের কাছে আসতে পারে কিংবা আমাদের ফোন করতে পারে। সেখানে যোগাযোগের সব ব্যবস্থা রয়েছে এবং আমাদের নিরাপদ যোগাযোগ ব্যবস্থাও আছে।”
তিনি আরও বলেন, আলোচনার সুযোগ খোলা থাকলেও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত খুব শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে বিজয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন।
এ সময় তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, কঠোর চাপের মুখে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে।
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
