দেশজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়

সারাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাতভর আকাশ কালো মেঘে ঢেকে থাকার পর ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে ছিল দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত। দেশের বিভিন্ন এলাকাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।