কাপ্তাই হ্রদে পানি কম, কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

কাপ্তাই হ্রদে পানি কম, কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

চট্টগ্রাম দেশ জুড়ে

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে সচল থাকা একমাত্র ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও পানির সংকটের কারণে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে প্রতিবছরই কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যায়। চলতি সময়ে সাম্প্রতিক বৃষ্টিপাত খুবই অপ্রতুল হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়নি।

তিনি বলেন, রুলকার্ভ অনুযায়ী বছরের এ সময়ে হ্রদের পানির স্তর থাকার কথা ৮১.৪৩ এমএসএল (মিনস সি লেভেল), কিন্তু সোমবার সকাল ৯টা পর্যন্ত তা নেমে ৭৭.৯৮ এমএসএলে পৌঁছেছে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৩.৪৫ এমএসএল কম পানি রয়েছে হ্রদে।

বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুমের প্রকৌশলীরা জানিয়েছেন, বর্তমানে শুধু ২ নম্বর ইউনিট চালু রয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এবং হ্রদের পানির স্তর না বাড়লে বাকি ইউনিটগুলো পুনরায় চালু করা সম্ভব হবে না। বৃষ্টি হলে ধাপে ধাপে অন্যান্য ইউনিটও উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।