বিশ্বকাপ মাতাবেন এক বাংলাদেশিও

বিশ্বকাপ মাতাবেন এক বাংলাদেশিও

খেলাধুলা

আসন্ন ফুটবল বিশ্বকাপে এবারই প্রথম একাধিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তিন স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা আলাদাভাবে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

বিশেষ আকর্ষণ হিসেবে কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় দেব। তার অংশগ্রহণে বাংলাদেশি কমিউনিটিতেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের মূল ও প্রথম পর্ব। এই অনুষ্ঠানে পারফর্ম করবে গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। পাশাপাশি গান পরিবেশন করবেন মেক্সিকোর জনপ্রিয় শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস এবং বেলিন্দা।

পরদিন কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী পর্ব, যেখানে স্বাগতিক দল মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালাইস মোরিসেট, মাইকেল বাবল, অ্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স এবং সঞ্জয় দেব।

শেষ পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ থাকবেন বিশ্বখ্যাত গায়িকা ও গীতিকার কেটি পেরি।

তিন দেশজুড়ে ভিন্ন ভিন্ন উদ্বোধনী আয়োজন বিশ্বকাপকে আরও বর্ণিল ও বৈচিত্র্যময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।