রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

আইন-আদালত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই আসামির বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এর আগে সকালে মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য শনিবার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইন মন্ত্রণালয় আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয়। তিনি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।