মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ভারতের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
রোববার (২৪ মে) দিল্লিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর।
ফোনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসি। তিনি অসাধারণ একজন মানুষ এবং আমার ঘনিষ্ঠ বন্ধু।’ তিনি আরও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।
ট্রাম্পের ভাষ্য, ‘ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। তাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।’
এ সময় নিজ দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের উন্নয়নের কথাও তুলে ধরেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া মার্কিন দূত সার্জিও গর ভবিষ্যতে মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গেছে।
অন্যদিকে, ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত কিছু মতপার্থক্য থাকলেও, দুই দেশ কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।
