প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে। বাংলানিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পেতে পারে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার সোমবার (১ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করে চিঠি পাঠিয়েছে।
সফরের দ্বিতীয় দিন ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি শ্রমবাজার ও বাণিজ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
