রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, রোববার মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। নিহত মৃদল খান (২২) কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের বাসিন্দা। তিনি সাঈদ খানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মৃদল। এ লক্ষ্যে একটি এজেন্সির মাধ্যমে দীর্ঘদিন চেষ্টা চালালেও ইউরোপের ভিসা পাননি। পরে চলতি বছরের ২৯ জানুয়ারি আরেকটি এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান তিনি।
মৃদলের বাবা সাঈদ খান জানান, রাশিয়ায় গিয়ে সাধারণ কোনো কাজে যুক্ত হওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করছিলেন।
রোববার মাইন বিস্ফোরণে মৃদলের মৃত্যুর খবর পরিবার জানতে পারে বলে জানান স্বজনরা। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত মৃদল খানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
