ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ

আইন-আদালত

ভেনিজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে দেশজুড়ে জোরালো অভিযান চালানো হচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, বুধবার সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় এবং অসংখ্য ভবন ধসে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের কাছের উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে একের পর এক ভবন ধসে পড়ায় বহু মানুষ হতাহত হয়েছেন এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ১৭২ জনের বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। ভেনিজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

বেঁচে থাকা মানুষদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে আন্তর্জাতিক মানবিক সহায়তাও অব্যাহত রয়েছে।

এদিকে রাজধানী কারাকাসের একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সরকার পর্যাপ্ত দ্রুততায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার উত্তর উপকূলে আরও ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, এর কেন্দ্র ছিল মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নতুন কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হবে, যাতে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

এদিকে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)সহ কয়েকটি প্ল্যাটফর্মের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য আদান-প্রদান এবং জরুরি সহায়তা সমন্বয় করতে পারছেন।