মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানও অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করবে। তার দাবি, ইরান এ বিষয়ে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করবে, তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।
এছাড়া তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা বহনে হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে পরিবাহিত পণ্যের মূল্যের সমপরিমাণ ২০ শতাংশ ফি আদায় করার পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তিনি আশা করছেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এ অভিযানের ব্যয় বহনে অংশ নেবে।
তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সম্মতি দিয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
