২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম নায়ক রদ্রি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। তবে পুরো বিশ্বকাপে একটি গোল বা অ্যাসিস্টও না থাকায় এই পুরস্কার ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ জুলাই) ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে স্পেন। দলের শিরোপা জয়ে মাঝমাঠে অসাধারণ নেতৃত্ব, বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ-রক্ষণে ভারসাম্য বজায় রাখার জন্য গোল্ডেন বলের স্বীকৃতি পান ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।
গোল কিংবা অ্যাসিস্টের খাতায় নাম না থাকলেও মাঠে রদ্রির প্রভাব ছিল স্পষ্ট। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে তিনি ছিলেন স্পেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন।
পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। রদ্রির কার্যকর পারফরম্যান্স রক্ষণভাগকে যেমন শক্তিশালী করেছে, তেমনি আক্রমণ গড়ার ভিত্তিও তৈরি করেছে। আট ম্যাচে তিনি ৬৫০টির বেশি সফল পাস সম্পন্ন করেন এবং উচ্চগতির দৌড় ও বল দখলে রাখার পরিসংখ্যানেও ছিলেন সবার শীর্ষে।
সাধারণত বিশ্বকাপের গোল্ডেন বল আক্রমণভাগের খেলোয়াড়দের হাতেই ওঠে। তবে এবার ব্যতিক্রম ঘটিয়ে রদ্রির ধারাবাহিক পারফরম্যান্স, ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা এবং দলগত অবদানকে মূল্যায়ন করেই তাকে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে ফিফা।
