প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের দীর্ঘদিনের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের সব মুলতবি আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, প্রবাসীদের পাসপোর্ট আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার অভিযোগে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট দায়ের করে। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এ ছাড়া, প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ২১ দিনের মধ্যে দেশের সব হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠিয়ে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করবে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে হবে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
