রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি পাস হয়। এখন এটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উঠবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা এই বিলের মূল লক্ষ্য ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। একই সঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদারের বিধানও রাখা হয়েছে।
বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হতে পারে। সম্ভাব্য এই শুল্কের আওতায় ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ পড়তে পারে।
তবে প্রস্তাবিত শুল্ক নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধিতা রয়েছে। কয়েকজন আইনপ্রণেতা ও মার্কিন শিল্পখাতের প্রতিনিধিদের আশঙ্কা, নতুন শুল্কের ফলে আমদানিকারক ও সাধারণ ভোক্তাদের ব্যয় বেড়ে যেতে পারে।
সিনেটে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র একজন রিপাবলিকান—কেন্টাকির সিনেটর র্যান্ড পল। তিনি প্রস্তাবিত শুল্ককে মার্কিন ভোক্তাদের ওপর এক ধরনের কর হিসেবে অভিহিত করেছেন।
কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান খুবই কম। ফলে সিনেটে বড় ব্যবধানে পাস হওয়ার পরও হাউসে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আগামী ৩১ আগস্ট গ্রীষ্মকালীন ছুটি শেষে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অধিবেশন শুরু হলে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সমর্থকদের আশা, সিনেটে পাওয়া জোরালো দ্বিদলীয় সমর্থন হাউসে বিলটি পাসের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।
