সংসদে যাওয়ার সাজেও তারকাদের ফ্যাশন যে আলাদা নজর কাড়ে, তা আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। ভারতের বর্ষাকালীন সংসদ অধিবেশনে সম্প্রতি হালকা নীল রঙের রেশমের শাড়িতে হাজির হন তিনি। তবে তার শাড়ির চেয়ে বেশি আলোচনায় এসেছে হাতে থাকা বিলাসবহুল ব্যাগ ও হাতঘড়ি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার হাতে ছিল হার্মেস বারকিন ব্যাগ। ব্যাগটির আনুমানিক মূল্য ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার টাকা। টোগো চামড়ায় তৈরি এই ব্যাগ বিলাসবহুল ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ হিসেবে পরিচিত।
ব্যাগের সঙ্গে কঙ্গনার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি ডায়ালের এই ঘড়িটির আনুমানিক দাম ২১ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ২১ হাজার টাকা।
অর্থাৎ শুধু ব্যাগ ও ঘড়ির আনুমানিক দামই দাঁড়ায় প্রায় ৭২ লাখ ৫৬ হাজার টাকা।
সঙ্গে ছিল বিলাসী ছাতাও কঙ্গনার সংসদীয় সাজে বিলাসী অনুষঙ্গের তালিকা এখানেই শেষ নয়। বর্ষার দিনে তার হাতে দেখা গেছে গুড আর্থের একটি ছাতা। ভারতীয় মুদ্রায় ছাতাটির দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৯০০ টাকা।
ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশার পাশাপাশি কাঠের হাতল রয়েছে।
সব মিলিয়ে কঙ্গনা রানাউতের ব্যবহৃত ব্যাগ, ঘড়ি ও ছাতার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ ৬৫ হাজার টাকা। তবে এই হিসাবের মধ্যে তার শাড়ি, ব্লাউজ, জুতা ও অন্যান্য অনুষঙ্গের দাম ধরা হয়নি।
কঙ্গনার এই সংসদীয় সাজ সামাজিক যোগাযোগমাধ্যম ও ফ্যাশনভিত্তিক সংবাদমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ শাড়ির সঙ্গে লাখ লাখ টাকার বিলাসবহুল ব্যাগ ও ঘড়ির সমন্বয়ই মূলত তার এবারের লুককে দিয়েছে বাড়তি আকর্ষণ।
