ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার চাপের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান রেকর্ড সর্বনিম্নে নেমেছে।

রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক দিন আগে রিয়ালের এই বড় ধরনের দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে উল্লেখ করেছেন।

ইরান এরই মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। রিয়ালের মূল্য কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে চাপ আরও বেড়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতির ওপর। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরানের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ দেশটির পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কার চলাচলে ইরানের বাধার কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব বিশ্ববাজারেও পড়েছে এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের অর্থনীতিতে আরও চাপ তৈরি হতে পারে। এতে রিয়ালের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।