রাজধানীতে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে বিশেষ মোটরসাইকেল টহল কার্যক্রম শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় মোটরসাইকেলে করে এ বিশেষ টহল পরিচালনা করে র্যাব। ‘ক্রস কান্ট্রি মোটর বাইক পেট্রোলিং’ নামের এ কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে রাতের শেষ ভাগে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার সৌরভ মাহমুদ জানান, মূলত রাতের শেষ দিকে নগরবাসীর নিরাপত্তা বাড়ানো এবং ছিনতাইকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই বিশেষ টহল চালু করা হয়েছে।
তিনি জানান, রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেলে বিশেষ টহল চলবে। পাশাপাশি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত র্যাবের নিয়মিত টহল কার্যক্রমও অব্যাহত থাকবে।
র্যাব কর্মকর্তা আরও জানান, রাতের বেলায় কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে নগরবাসীকে র্যাবের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ টহল কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র্যাব।
