হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজ এলে প্রতিরোধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজ এলে প্রতিরোধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছাকাছি মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে ইরানি বাহিনী প্রতিরোধ করবে বলে সতর্ক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিও চ্যালেঞ্জ করেছে তেহরান।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, আইআরজিসি নৌবাহিনীর এক রাজনৈতিক কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে মার্কিন নৌবাহিনীকে একটি যুদ্ধজাহাজ প্রণালিটির ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে হবে।

ওই কর্মকর্তা বলেন, মার্কিন কোনো যুদ্ধজাহাজ ওই এলাকায় এগিয়ে এলে ইরানি বাহিনী কী ধরনের প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবেই অবগত। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে।

ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।