মার্কিন নিষেধাজ্ঞার নতুন চাপের মধ্যে ইরান থেকে ইরাক ও ওমানের উদ্দেশে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বাগদাদ ও মাসকাট বিমানবন্দর ইরানি উড়োজাহাজ গ্রহণ করবে না।
ইরানি কর্তৃপক্ষের মুখপাত্র মজিদ আখাওয়ান জানান, বাগদাদগামী ফ্লাইটগুলো ইরাকের নাজাফ বিমানবন্দরে পরিচালনার বিষয়ে আলোচনা চলছে। অন্যদিকে, ওমানের সঙ্গে ফ্লাইট চালু রাখার বিকল্প নিয়েও আলোচনা চলছে। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্তাম্বুলসহ অন্যান্য আন্তর্জাতিক রুটের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালানোর কথা রয়েছে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দেন, ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি বলেন, ইরানি উড়োজাহাজকে জ্বালানি, অবতরণ-সংক্রান্ত সেবা বা টিকিট বিক্রির মতো সহায়তা দেওয়া প্রতিষ্ঠান মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
মার্কিন এই পদক্ষেপের ফলে ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল আরও সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি অন্য দেশের আকাশসীমা বন্ধ করতে না পারলেও বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও ভূমিসেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইরানি বিমান সংস্থাগুলোর বিদেশে কার্যক্রম পরিচালনা কঠিন করে তুলতে পারে।
এদিকে, ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিকল্প রুট ও বিমান চলাচল চালু রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
