রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৪ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।
এক্সপোতে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ এবং জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে এক্সপো চলাকালে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
