ইন্দোনেশিয়ায় একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে এখনও অন্তত ১৩ জন শ্রমিক আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার (২৩ নভেম্বর) পশ্চিম জাভা প্রদেশের পংকর এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে খনির ভেতরে পানি ঢুকে পড়লে শ্রমিকরা আটকা পড়েন। উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ১০০ মিটার গভীর ওই খনিতে কাজ করছিলেন শ্রমিকরা।
উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের। খনির প্রবেশপথ অত্যন্ত সরু হওয়ায় ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এ ছাড়া খনির ভেতরে অন্ধকার পরিবেশ ও পিচ্ছিল মাটির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত স্বর্ণের খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
