ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের করা দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যে ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে নাইনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবে তা নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি সত্যিই ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে থাকে, তাহলে সাহস থাকলে ট্রাম্প যেন পারস্য উপসাগরে তার জাহাজ পাঠান।
আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইতোমধ্যে ‘আমেরিকান ও জায়নবাদী’ লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র এখনো ব্যবহার করা হয়নি এবং প্রয়োজনে সেগুলোও মোতায়েন করা হবে।
