হরমুজ প্রণালিতে পেতে রাখা নৌমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে এখনো সীমিতভাবে জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। রোববার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। তাদের মূল লক্ষ্য হলো প্রণালিতে সম্ভাব্যভাবে পেতে রাখা মাইন অপসারণ করে নৌপথ নিরাপদ করা।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তারা একটি নিরাপদ নতুন নৌপথ তৈরি করতে কাজ শুরু করেছেন এবং খুব শিগগিরই এটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে, ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা থাকায় নৌপথে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়ে গেছে। মাইন ও ক্ষেপণাস্ত্র—দুই ধরনের হুমকির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে দাবি করেন, বিশ্ব বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালি পরিষ্কারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সিএনএনের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলতি সপ্তাহে এখন পর্যন্ত প্রায় ৩০টি জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পেরেছে।
