সিলেট টেস্টে আরেকটি অনন্য কীর্তির খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরি মিস করেছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে আউট হন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি না পেলেও গড়েছেন এক বিরল রেকর্ড, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শুধুমাত্র তারই দখলে।
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসেও তিনি ছিলেন ছন্দে, আর মনে হচ্ছিল আরেকটি সেঞ্চুরি হয়তো সময়ের অপেক্ষা। কিন্তু হাসান আলীর বলে ডিপ থার্ডম্যান দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে থেমে যান ৬৯ রানে।
এই ইনিংসে সেঞ্চুরি করলে মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারতেন লিটন। তবে সেটি না হলেও তিনি নতুন ইতিহাস লিখেছেন অন্যভাবে।
বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে একই টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করার ঘটনা এখন পর্যন্ত তিনবার ঘটেছে, আর এর সবগুলোই এসেছে লিটন দাসের ব্যাট থেকে।
এর আগে ২০২১ সালে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন ১১৪ ও ৫৯ রান। এরপর ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে খেলেন ১৪১ ও ৫২ রানের ইনিংস। আর সর্বশেষ সিলেটে পাকিস্তানের বিপক্ষে ১২৬ ও ৬৯ রানের ইনিংসে আবারও গড়লেন সেই অনন্য ধারাবাহিকতা।
