যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের অস্তিত্বই টিকে থাকত না এবং দেশটি অনেক আগেই ধ্বংস হয়ে যেত।
সম্প্রতি জি-৭ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না, আর তিনি নিজে না থাকলে দেশটি অস্তিত্ব সংকটে পড়ত। তার দাবি, অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট তার মতো কঠোর সিদ্ধান্ত নিতে রাজি হতেন না।
তিনি আরও বলেন, তিনি জড়িত না থাকলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত।
এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানান ট্রাম্প। তার মতে, লেবাননে ঘন ঘন হামলা শান্তি চুক্তির সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে।
লেবাননের অতীত পরিস্থিতির কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটি একসময় শিক্ষিত ও পেশাজীবী মানুষ—অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবীদের কেন্দ্র ছিল। তবে বর্তমানে দেশটির পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।
এর আগে রোববার এক ফোনালাপে নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণ নিয়েও সমালোচনা করেন তিনি।
