পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

জাতীয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনকারী পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ করেছে। এই সময়ে সেতুটি ব্যবহার করেছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ২০২২ সালের উদ্বোধনের পর ওই বছর সেতু দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন চলাচল করে। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

২০২৩ সালে যানবাহন চলাচল বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। ওই বছর টোল থেকে আয় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

এরপর ২০২৪ সালে পদ্মা সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। এ সময় টোল আদায় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা।

২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন সেতু পারাপার করে। একই বছর সর্বোচ্চ ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।

চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সামগ্রিক হিসাব অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়নি, বরং দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার করেছে। যাতায়াত সহজ হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে যানবাহন চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে যান চলাচল শুরু হয়।