ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম

Uncategorized

নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবের মনিটাইজেশন নীতিতে বড় পরিবর্তন আসছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের যোগ্যতা অর্জনে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম অথবা শর্টস ভিউ প্রয়োজন হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় করতে গত ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এ শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম ও ১ কোটি শর্টস ভিউ। তবে চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত অপরিবর্তিত থাকছে।

ইতিমধ্যে মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ক্ষেত্রে শর্টস থেকে নিয়মিত আয় চালু রাখতে ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। নির্ধারিত সময়ে ভিউ এক কোটির নিচে নেমে গেলে শর্টস থেকে আয় সাময়িকভাবে বন্ধ হতে পারে। তবে এতে পুরো চ্যানেলের মনিটাইজেশন বাতিল হবে না। পরবর্তীতে প্রয়োজনীয় ভিউ অর্জন করলে আয় আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

ইউটিউব জানিয়েছে, শর্টস থেকে ভালো আয় করা চ্যানেলগুলোতে নতুন নিয়মের প্রভাব তুলনামূলক কম পড়বে। তবে নতুন সীমার নিচে থাকা চ্যানেলের সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।

শর্টসের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে ইউটিউবের আয় ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসছে। ২০২৪ সালে প্রতিদিন শর্টসের ভিউ প্রায় ৭ হাজার কোটি থাকলেও বর্তমানে তা বেড়ে ২০ হাজার কোটির বেশি হয়েছে। ফলে নতুন নির্মাতাদের জন্য ইউটিউব মনিটাইজেশন অর্জনে এখন আরও বেশি নিয়মিত কনটেন্ট ও দর্শক তৈরি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।